প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
এনভিডিয়া বিতর্কে যেভাবে ফাঁস হলো চীনের গোপন চিপ রুট
মেগাস্পিডের বিস্ময়কর উত্থান, আলিবাবার সঙ্গে তার সম্পর্ক, অ্যালিস হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির সন্দেহ এবং সিঙ্গাপুরে একের পর এক তদন্ত সেই পরিবর্তনেরই বিভিন্ন দিক তুলে ধরেছে। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬। ০৩:২৯ পিএম
আপডেট: ১৬ নভেম্বর ২০২৬। ১৩:৩১ পিএম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই চিপের নির্মাতা এনভিডিয়া। সেই কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গে এক চীনা নারীর কথিত সম্পর্ক ঘিরে শুরু হওয়া গুপ্তচরবৃত্তির বিতর্ক এখন উন্মোচন করছে আরও বড় এক বাণিজ্যিক বাস্তবতা।
প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিয়ন্ত্রণের মধ্যেও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এআই চিপের নাগাল পাচ্ছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ সিঙ্গাপুরের নাম। দেশটির মাধ্যমে পরিচালিত এক জটিল বাণিজ্যিক নেটওয়ার্ক এখন যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের নজরে।
বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রায় অপরিচিত একটি কোম্পানি, মেগাস্পিড। একসময় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ছিলেন অ্যালিস হুয়াং নামে এক চীনা ব্যবসায়ী। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সন্দেহ, অ্যালিসকে চীনের গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছিল। যদিও চীন এই গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
একটি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুরু হওয়া বিতর্কের সঙ্গে এখন জড়িয়ে গেছে বিলিয়ন ডলারের প্রযুক্তি বাণিজ্য, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চীনের কাছে উন্নত এআই চিপ পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটন যখন কঠোর বিধিনিষেধ আরোপ করছে, তখন সিঙ্গাপুরের মতো একটি দেশ কীভাবে সেই বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হলো?

এনভিডিয়ার প্রসেসর এখন এআই অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছবি: এফটি
এক বছরে ৩৩ মিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলার
মেগাস্পিডের ব্যবসায়িক উত্থান ছিল বিস্ময়কর। ২০২৩ সালে কোম্পানিটির ব্যালান্স শিটের আকার ছিল মাত্র ৩৩ মিলিয়ন ডলার। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ৩ বিলিয়ন ডলারে। মাত্র এক বছরের ব্যবধানে এই বিপুল সম্প্রসারণ কোম্পানিটিকে এনভিডিয়ার এশিয়ার অন্যতম বড় গ্রাহকে পরিণত করে।
এত দ্রুত উত্থানের পেছনে ছিল চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবার সঙ্গে মেগাস্পিডের বাণিজ্যিক সম্পর্ক।
আলিবাবা ছিল মেগাস্পিডের সবচেয়ে বড় গ্রাহক। প্রতিষ্ঠানটি মূলত এনভিডিয়া ও আলিবাবার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। এনভিডিয়ার কাছ থেকে উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ সংগ্রহ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অবকাঠামোর মাধ্যমে কম্পিউটিং সেবা সরবরাহের সুযোগ তৈরি করেছিল মেগাস্পিড।
কিন্তু এই ব্যবসায়িক মডেলই এখন তদন্তের বিষয়।
সিঙ্গাপুর থেকে চীনা কোম্পানির কাছে উন্নত এআই চিপ স্থানান্তর সব ক্ষেত্রে সরাসরি নিষিদ্ধ নয়। তবে নির্দিষ্ট ধরনের চিপ বা প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন প্রযোজ্য হতে পারে। ফলে সিঙ্গাপুরের কোনো কোম্পানির মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের কাছে এসব প্রযুক্তি পৌঁছালে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়।
মেগাস্পিড এমন কোনো বিধিনিষেধ ভেঙেছে কি না, তা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। সিঙ্গাপুরের পুলিশও কোম্পানিটির বিরুদ্ধে আলাদা তদন্ত চালাচ্ছে। অবশ্য মেগাস্পিড সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
কোম্পানিটির দাবি, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম তদন্ত করেছে। কিন্তু অবৈধভাবে চিপ স্থানান্তর কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।
সিঙ্গাপুর কেন এআই চিপ বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র
মেগাস্পিডের ঘটনা শুধু একটি কোম্পানির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছে না। এটি সামনে এনেছে সিঙ্গাপুরভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর একটি বিস্তৃত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের উন্নত এআই প্রসেসর ও কম্পিউটিং সক্ষমতার নাগাল পাচ্ছে।
বিষয়টি বোঝার জন্য এনভিডিয়ার ব্যবসায়িক হিসাবের দিকে তাকানো প্রয়োজন।
২০২৫ অর্থবছরে সিঙ্গাপুর ছিল এনভিডিয়ার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিলিং সেন্টার। কোম্পানিটির মোট রাজস্বের ১৮ শতাংশের বিলিং হয়েছে সিঙ্গাপুরের মাধ্যমে। কিন্তু এই বিপুল অঙ্কের বিপরীতে বাস্তবে সিঙ্গাপুরে প্রবেশ করা চিপ থেকে এসেছে মোট রাজস্বের মাত্র ২ শতাংশ। অর্থাৎ সিঙ্গাপুরে বিপুল পরিমাণ চিপের বাণিজ্যিক হিসাব সম্পন্ন হলেও অধিকাংশ পণ্য দেশটির ভেতরে পৌঁছায়নি।
মূল কারণ, এশিয়ার বহু কোম্পানি সিঙ্গাপুরে থাকা নিজেদের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চিপ কেনার অর্ডার দেয়। কিন্তু অর্ডার করা পণ্য সরাসরি পাঠানো হয় অন্য দেশে। ফলে সিঙ্গাপুর অনেক ক্ষেত্রে চিপের প্রকৃত গন্তব্য নয়। দেশটি বরং ক্রয়াদেশ, অর্থ পরিশোধ ও আঞ্চলিক ব্যবসায়িক লেনদেনের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
সিঙ্গাপুরভিত্তিক এআই কোম্পানিগুলোর উপদেষ্টা ম্যাথিয়াস হেনড্রিকস মনে করেন, দেশটির এই অবস্থানের পেছনে রয়েছে একটি বিশেষ ভূরাজনৈতিক সুবিধা।
তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও চীন; দুই দেশের সঙ্গেই সিঙ্গাপুরের অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সরাসরি যোগাযোগ সম্ভব না হলে তাই অনেক সময় সিঙ্গাপুর দুই পক্ষের মধ্যে সংযোগস্থল হিসেবে কাজ করে।
হেনড্রিকসের মতে, অনানুষ্ঠানিক বা গ্রে মার্কেটে সিঙ্গাপুরের ভূমিকা দুই পরাশক্তির সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন।
তবে এই অবস্থান সিঙ্গাপুরের জন্য যেমন বাণিজ্যিক সুযোগ তৈরি করেছে, তেমনি বাড়িয়েছে কূটনৈতিক চাপও। যুক্তরাষ্ট্র চায়, সন্দেহজনক চিপ স্থানান্তর সহজতর করতে পারে এমন কোম্পানিগুলোর বিরুদ্ধে সিঙ্গাপুর আরও কঠোর ব্যবস্থা নিক।
হেনড্রিকস মনে করেন, দুই পরাশক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে এই জটিল পরিস্থিতি সামলাতে সিঙ্গাপুরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

মেগাস্পিড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে নিয়ে তদন্ত করেছে। ছবি: এফটি
একটি গেম কোম্পানি থেকে এআই চিপ ব্যবসার বড় খেলোয়াড়
মেগাস্পিডের ইতিহাসও কম বিস্ময়কর নয়। কোম্পানিটির যাত্রা শুরু ২০১৫ সালে। তখন এটি ছিল একটি চীনা ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। প্রথম কয়েক বছর প্রতিষ্ঠানটি বড় কোনো আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবসার আলোচনায় ছিল না।
পরিস্থিতি বদলাতে শুরু করে ২০২৩ সালে। ওই বছরের মার্চে মেগাস্পিড কিনে নেয় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসভিত্তিক কোম্পানি হুয়াং লে লিমিটেড। কোম্পানিটির প্রকৃত মালিকানা প্রকাশ্যে জানা যায়নি। তবে একটি বিষয় বিশেষভাবে নজর কাড়ে। ‘হুয়াং লে’ হলো অ্যালিস হুয়াংয়ের চীনা নাম।
কোম্পানির নথিতে তখন অ্যালিস হুয়াংকে মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছিল। অ্যালিসের ব্যবসায়িক যোগাযোগ ছিল চীনের প্রযুক্তি ও বিনিয়োগ খাতে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি চীনভিত্তিক বিনিয়োগকারীদের কাছে আলিবাবার সঙ্গে নিজের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরতেন। একই সঙ্গে এনভিডিয়ার অত্যন্ত মূল্যবান জিপিইউ সংগ্রহের সক্ষমতাও প্রচার করতেন।
বিভিন্ন শিল্প সম্মেলনে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাকে নিয়মিত ছবিতে দেখা গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সন্দেহ করছে, অ্যালিসকে চীনা গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছিল। তবে এই সন্দেহ প্রমাণিত অপরাধ নয়। অ্যালিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তার ব্যবসায়িক সম্পর্কের প্রকৃত চরিত্র এখনো বিতর্কের বিষয়।
আবার মালিকানা বদল, সামনে আসে নতুন ব্যবসায়িক সম্পর্ক
২০২৩ সালের নভেম্বরে মেগাস্পিডের মালিকানা আবার বদলে যায়। এবার প্রতিষ্ঠানটি কিনে নেয় সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি সুইফটডাটা। কোম্পানি নথি অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিক তান ইয়ং পং, যিনি জেমস তান নামেও পরিচিত, সুইফটডাটা ও মেগাস্পিড উভয় প্রতিষ্ঠানের একমাত্র পরিচালক। চীনের সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই মালিকানা পরিবর্তনের পরও মেগাস্পিডের সঙ্গে আলিবাবার সম্পর্ক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল।
কোম্পানির নথিতে দেখা যায়, আলিবাবা তার সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজ সলিউশনসের মাধ্যমে মেগাস্পিডকে ঋণ দিয়েছিল।
২০২৪ সালের জুনে এই ঋণের ব্যবস্থা করা হয় মেগাস্পিডের মালয়েশীয় সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্সের মাধ্যমে। ঋণচুক্তির শর্তও ছিল উল্লেখযোগ্য। চুক্তির অংশ হিসেবে স্পিডম্যাট্রিক্স তার পুরো ব্যবসাকে ঋণের জামানত হিসেবে বন্ধক রাখে।
এই আর্থিক সম্পর্ক দেখায়, আলিবাবার সঙ্গে মেগাস্পিডের ব্যবসায়িক যোগাযোগ শুধু চিপ কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ ছিল না। কোম্পানিটির কার্যক্রম ও অর্থায়নের সঙ্গেও আলিবাবার সংশ্লিষ্টতা ছিল।
এনভিডিয়ার অনুমোদিত ক্লাউড পার্টনার হওয়ার সুযোগ
আলিবাবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মেগাস্পিডকে আরও বড় সুযোগ এনে দেয়। এই সম্পর্ক কাজে লাগিয়ে কোম্পানিটি এনভিডিয়ার অনুমোদিত ‘ক্লাউড পার্টনার’ হিসেবে স্বীকৃতি পায়। ফলে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে জিপিইউ কিনতে পারত। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ভাড়াকৃত অবকাঠামো ব্যবহার করে সেই চিপের কম্পিউটিং সক্ষমতাও গ্রাহকদের কাছে বিক্রি করতে পারত।
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
কোনো কোম্পানির কাছে সরাসরি চিপ বিক্রি করা আর সেই কোম্পানিকে দূর থেকে চিপের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ দেওয়া এক বিষয় নয়।
ক্লাউড ব্যবসার ক্ষেত্রে গ্রাহককে প্রয়োজনীয় কম্পিউটিং সেবা পেতে সব সময় নিজস্ব ডেটা সেন্টারে চিপ স্থাপন করতে হয় না। অন্য দেশে অবস্থিত অবকাঠামো থেকেও সেই সেবা নেওয়া সম্ভব।
মেগাস্পিড দক্ষিণ-পূর্ব এশিয়ায় এমন একটি ক্লাউড ব্যবসা গড়ে তুলেছিল। চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা ছিল এই ব্যবসার প্রধান গ্রাহক। পরে আলিবাবাই মেগাস্পিডের সবচেয়ে বড় গ্রাহকে পরিণত হয়। এই ব্যবসায়িক কাঠামো এখন যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের আগ্রহের কেন্দ্রে।
তদন্ত শুরু হতেই ডেটা সেন্টারগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি
২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের মূল প্রশ্ন ছিল, কোম্পানিটি এনভিডিয়ার চিপ চীনে সরিয়ে নিতে কোনোভাবে সহায়তা করেছিল কি না। একই সময়ে সিঙ্গাপুরের পুলিশও মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
তদন্তের প্রভাব পড়ে কোম্পানিটির ব্যবসায়িক সম্পর্কের ওপর। বিভিন্ন ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের সঙ্গে তাদের চুক্তি বাতিল করতে শুরু করে। তবে মেগাস্পিড অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। এই ঘটনাপ্রবাহ উন্নত এআই চিপের আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার একটি বড় দুর্বলতাও সামনে এনেছে।
একটি চিপ কার কাছে বিক্রি হলো, কোন দেশে পৌঁছাল এবং শেষ পর্যন্ত কে সেটি ব্যবহার করছে; এই তিনটি প্রশ্নের উত্তর সব সময় এক হয় না। বিশেষ করে ক্লাউড কম্পিউটিং ব্যবসায় এই পার্থক্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার ব্যবসার বিশেষজ্ঞ ও ফ্লিন্ট গ্লোবালের জ্যেষ্ঠ উপদেষ্টা পল মাহ বিষয়টিকে তুলনা করেছেন একধরনের অন্তহীন সমস্যার সঙ্গে। তার মতে, জিপিইউ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা অনেকটা এক গর্ত বন্ধ করতেই আরেক গর্ত থেকে ছুঁচো বেরিয়ে আসার খেলার মতো।
মাহ বলেন, চিপ কোথায় যাচ্ছে, তা নজরদারি করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব।

এনভিডিয়ার সর্বাধুনিক ব্ল্যাকওয়েল চিপ, যা চীনে বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ছবি: এফটি
মালয়েশিয়া কেন এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ
মেগাস্পিডের ঘটনা সিঙ্গাপুরের পাশাপাশি মালয়েশিয়ার ভূমিকাকেও সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার কেন্দ্র হয়ে উঠেছে মালয়েশিয়া। দেশটির ডেটা সেন্টারগুলো চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করছে।
সিঙ্গাপুরভিত্তিক অনেক কোম্পানি তাদের মালয়েশীয় সহযোগী প্রতিষ্ঠান কিংবা ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে এনভিডিয়ার চিপ স্থানান্তর করে। বিশেষ করে যেসব কোম্পানির নেতৃত্বে চীনা নির্বাহী রয়েছেন অথবা চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেগুলোর ওপর নজরদারি বেড়েছে।
এই ব্যবস্থায় সিঙ্গাপুর হতে পারে ব্যবসায়িক চুক্তি ও অর্থ পরিশোধের কেন্দ্র। অন্যদিকে চিপ স্থাপন কিংবা কম্পিউটিং সেবা পরিচালনার অবকাঠামো থাকতে পারে মালয়েশিয়ায়। ফলে একটি দেশের বাণিজ্যিক হিসাব দেখে চিপের প্রকৃত অবস্থান কিংবা ব্যবহারকারী সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন।
মেগাস্পিডের মালয়েশীয় সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্স ও আলিবাবার সঙ্গে তার আর্থিক সম্পর্কও এই আঞ্চলিক ব্যবসায়িক কাঠামোর গুরুত্ব তুলে ধরে।
২২ স্থানে অভিযান, গ্রেপ্তার নয়জন
মেগাস্পিডই একমাত্র কোম্পানি নয়, যার কার্যক্রম নিয়ে সিঙ্গাপুরে প্রশ্ন উঠেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলাদা একটি ঘটনায় সিঙ্গাপুরজুড়ে ২২টি স্থানে অভিযান চালায় দেশটির পুলিশ। অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের কেন্দ্রে ছিল ডেল, সুপারমাইক্রো ও আসুসের সার্ভার বিক্রি।
কর্তৃপক্ষের সন্দেহ ছিল, এসব সার্ভারের ভেতরে এনভিডিয়ার উন্নত চিপ ছিল। সার্ভারগুলো প্রথমে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছিল। পরে সেগুলো বিক্রি করা হয় মালয়েশিয়ার একটি কোম্পানির কাছে। এই লেনদেনে সার্ভারের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
কর্মকর্তাদের অভিযোগ, সংশ্লিষ্ট প্রক্রিয়ায় এমন নথি ব্যবহার করা হয়েছিল, যেখানে সার্ভারগুলোর প্রকৃত চূড়ান্ত গন্তব্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছিল। ঘটনায় তিনজন সিঙ্গাপুরের নাগরিক ও একজন চীনা নাগরিকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
এই মামলা দেখিয়েছে, শুধু আলাদা চিপ নয়, সম্পূর্ণ সার্ভার আমদানি ও পুনর্বিক্রির মাধ্যমেও উন্নত মার্কিন প্রযুক্তির গন্তব্য নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
আরও দুই কোম্পানি, একই ধরনের প্রশ্ন
সার্ভার কেনাবেচার এই ঘটনায় সামনে আসে সিঙ্গাপুরের দুটি কোম্পানির নাম। একটি কম্পিউটার সরঞ্জাম বিক্রেতা প্রতিষ্ঠান লাক্সুরিয়েট ইয়োর লাইফ। অন্যটি স্থানীয় ক্লাউড সেবা প্রতিষ্ঠান অ্যাপেরিয়া ক্লাউড সার্ভিসেস।
নিজেদের ওয়েবসাইটে অ্যাপেরিয়া দাবি করেছিল, তারা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার প্রথম অনুমোদিত ক্লাউড পার্টনার। কোম্পানিটির আরও দাবি ছিল, বাজারে পাওয়া সবচেয়ে শক্তিশালী জিপিইউতে অগ্রাধিকারভিত্তিক প্রবেশাধিকার রয়েছে তাদের। এই সুবিধার কারণে নিজেদের একটি অনন্য অবস্থানে রয়েছে বলে তুলে ধরেছিল অ্যাপেরিয়া। তবে কোম্পানিটির কার্যক্রমও পরে তদন্তের আওতায় আসে।
৫৫ মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের বিলাসবহুল বাড়ি জব্দ
অ্যাপেরিয়াকে ঘিরে তদন্তে সামনে আসে কোম্পানিটির প্রধান নির্বাহী ওয়েই ঝাওলুনের নাম। তিনি অ্যালান ওয়েই নামেও পরিচিত। ২০২৫ সালের জুনে সিঙ্গাপুর পুলিশ তার একটি বিলাসবহুল সম্পত্তি জব্দ করে। বাড়িটি ছিল সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের কাছে। সম্পত্তিটির মূল্য প্রায় ৫৫ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, যা প্রায় ৪৩ মিলিয়ন মার্কিন ডলারের সমান। পরে ওয়েইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়। তবে ওয়েই অভিযোগ অস্বীকার করেছেন।
অ্যাপেরিয়াও কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মেগাস্পিডের তদন্ত থেকে আলাদা হলেও অ্যাপেরিয়ার এই ঘটনা এআই চিপ বাণিজ্যকে ঘিরে সিঙ্গাপুরে বাড়তে থাকা নজরদারির আরেকটি উদাহরণ।
দুটি ঘটনায়ই উন্নত মার্কিন প্রযুক্তি, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সরবরাহব্যবস্থার সম্পর্ক সামনে এসেছে।
নজরদারি বাড়লে কী বদলে যাবে চিপের বাণিজ্যপথ
একাধিক তদন্ত ও মামলার কারণে সিঙ্গাপুর হয়ে পরিচালিত চিপ বাণিজ্যের নেটওয়ার্ক এখন আগের চেয়ে বেশি নজরদারির মুখে। তবে এই নজরদারি বাড়লেই চিপের সন্দেহজনক স্থানান্তর বন্ধ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।
বিশেষজ্ঞ পল মাহ মনে করেন, বর্তমান বাণিজ্যপথগুলো প্রকাশ্যে আসার ফলে সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো নতুন পথ খুঁজতে পারে। তার আশঙ্কা, সিঙ্গাপুরে বাড়তি নজরদারি শুরু হলে চিপের চালান এমন সব দেশে সরিয়ে নেওয়া হতে পারে, যেখানে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ তুলনামূলক দুর্বল। তখন এসব চালানের গতিপথ অনুসরণ করা আরও কঠিন হয়ে পড়বে।
মূল সমস্যাটি এখানেই।
যুক্তরাষ্ট্র উন্নত এআই চিপ ও প্রযুক্তির ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। অন্যদিকে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর প্রয়োজন বিপুল কম্পিউটিং সক্ষমতা। এই দুই বাস্তবতার মাঝখানে গড়ে উঠেছে সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি জটিল বাণিজ্যিক ব্যবস্থা।
কোথাও কোম্পানি নিবন্ধিত হচ্ছে, কোথাও অর্থ পরিশোধ করা হচ্ছে, অন্য কোনো দেশে স্থাপন করা হচ্ছে ডেটা সেন্টার। একই সঙ্গে এসব অবকাঠামোর কম্পিউটিং সেবা ব্যবহার করছে ভিন্ন দেশের গ্রাহক। এমন পরিস্থিতিতে কেবল চিপের সরাসরি আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ করে পুরো প্রযুক্তিপ্রবাহের ওপর নজর রাখা কঠিন হয়ে উঠছে।
অভিযোগ, অস্বীকার ও উত্তরহীন প্রশ্ন
এত তদন্ত ও বিতর্কের পরও সংশ্লিষ্ট অনেক প্রশ্নের চূড়ান্ত উত্তর মেলেনি। এনভিডিয়া, মেগাস্পিড, আলিবাবা, অ্যাপেরিয়া, লাক্সুরিয়েট ইয়োর লাইফ এবং ওয়েইয়ের আইনজীবীদের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা সাড়া দেননি। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার গুপ্তচরবৃত্তির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন। চীন বিষয়টিকে অপপ্রচার ও মানহানি হিসেবে বর্ণনা করেছে।
তাই অ্যালিস হুয়াংয়ের কথিত গোয়েন্দা সংশ্লিষ্টতা কিংবা মেগাস্পিডের বিরুদ্ধে ওঠা রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের সন্দেহকে এখনই প্রমাণিত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। তবে তদন্তগুলো এমন একটি বাস্তবতা সামনে এনেছে, যার গুরুত্ব ব্যক্তিগত সম্পর্ক কিংবা একটি কোম্পানির অনিয়মের অভিযোগের চেয়েও অনেক বেশি।
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তিগুলোর একটি এখন এআই চিপ। এই চিপের ওপর নির্ভর করছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তিগত ক্ষমতার লড়াই।
ওয়াশিংটন যখন চীনের কাছে উন্নত চিপের প্রবেশাধিকার সীমিত করতে চাইছে, তখন সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো প্রযুক্তির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় নতুন গুরুত্ব পাচ্ছে।
মেগাস্পিডের বিস্ময়কর উত্থান, আলিবাবার সঙ্গে তার সম্পর্ক, অ্যালিস হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির সন্দেহ এবং সিঙ্গাপুরে একের পর এক তদন্ত সেই পরিবর্তনেরই বিভিন্ন দিক তুলে ধরেছে।
শেষ পর্যন্ত বিতর্কটি শুধু কে চিপ কিনছে কিংবা কে বিক্রি করছে, তা নিয়ে নয়। আরও বড় প্রশ্ন হলো, চিপের মালিকানা, অবস্থান ও প্রকৃত ব্যবহারকারী যখন একাধিক দেশে ছড়িয়ে থাকে, তখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আদৌ কতটা সম্ভব?






