গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপ সাহা জানান, দুর্ঘটনার পর ১৮ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসের আহত যাত্রী পিরোজপুরের জিয়ানগরের আব্দুল্লাহ জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা কমবেশি আহত হন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় তখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর কিছু সময় পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চললেও পরে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।