Logo
Logo
×

খবর ।  দেশ

অগাস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, এক মাসেই মৃত্যু বেড়েছে ১৫.৬৫ শতাংশ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬। ১২:৪০ পিএম

আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬। ১৬:৪১ পিএম

অগাস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, এক মাসেই মৃত্যু বেড়েছে ১৫.৬৫ শতাংশ

দেশে গত অগাস্ট মাসে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬৪ জন। জুলাইয়ের তুলনায় অগাস্টে সড়কে প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।

মাসভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জনের মৃত্যু হয়েছিল। অগাস্টে সেই সংখ্যা বেড়ে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জনে দাঁড়িয়েছে।

সড়কের পাশাপাশি একই সময়ে সাতটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। এ ছাড়া ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৩ জন।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা একটি সংগঠন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্বভাবে সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে সোমবার অগাস্ট মাসের দুর্ঘটনার এসব পরিসংখ্যান প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৫৮ জন শিশু। অগাস্টে মোট ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জনের মৃত্যু হয়েছে। মোট সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

অন্যদিকে মাসের মোট সড়ক দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা।

ছবি: সংগৃহীত

ঢাকায় সর্বোচ্চ দুর্ঘটনা, বগুড়ায় বেশি মৃত্যু

বিভাগভিত্তিক হিসাবে অগাস্টে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৭২টি সড়ক দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন।

অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ১৫টি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

একক জেলা হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বগুড়ায়। জেলাটিতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন।

রাজধানী ঢাকায় অগাস্টে ৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৩ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন।

কোন যানবাহনে কত মৃত্যু

যানবাহনভিত্তিক প্রাণহানির তথ্য অনুযায়ী, অগাস্টের দুর্ঘটনায় বাসের যাত্রী নিহত হয়েছেন ৩৭ জন।

ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, লরি ও ড্রামট্রাকের আরোহীদের মধ্যে মারা গেছেন ৫১ জন। মাইক্রোবাস, প্রাইভেটকার ও জীপের আরোহীদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের।

থ্রি-হুইলার, যার মধ্যে অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইক, সিএনজি ও লেগুনা রয়েছে—এসব যানের যাত্রীদের মধ্যে ৭৮ জন নিহত হয়েছেন।

স্থানীয়ভাবে তৈরি নসিমন, ভটভটি ও মাহিন্দ্রর মতো যানবাহনের যাত্রীদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রিকশা ও বাইসাইকেলের আরোহীদের মধ্যে নিহত হয়েছেন পাঁচজন।

আঞ্চলিক সড়কেই বেশি দুর্ঘটনা

সড়কের ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়, অগাস্টে ১৬৩টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। আঞ্চলিক সড়কে দুর্ঘটনার সংখ্যা ছিল সবচেয়ে বেশি—২১৭টি।

গ্রামীণ সড়কে ৬২টি এবং বিভিন্ন শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ১২৬টি দুর্ঘটনা হয়েছে যানবাহনের মুখোমুখি সংঘর্ষে। চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে ১৯৫টি দুর্ঘটনা।

পথচারীকে চাপা দেওয়া বা ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে ১০৬টি। কোনো যানবাহনের পেছনে আঘাত করার কারণে ঘটেছে ৭৮টি দুর্ঘটনা। অন্যান্য কারণে আরও আটটি দুর্ঘটনা ঘটেছে।

ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় জড়িয়েছে ৭৪৯ যানবাহন

অগাস্টের দুর্ঘটনাগুলোতে মোট ৭৪৯টি যানবাহনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এর মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপসহ বিভিন্ন মালবাহী যানবাহনের হার সবচেয়ে বেশি, ২৮ দশমিক ৫৭ শতাংশ।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হার ২৫ দশমিক ৯০ শতাংশ এবং থ্রি-হুইলারের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।

যাত্রীবাহী বাসের হার ছিল ১৩ দশমিক ৭৫ শতাংশ। মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও জীপের হার ছিল ৬ দশমিক ১৪ শতাংশ।

স্থানীয়ভাবে তৈরি যানবাহনের হার ৪ দশমিক ৮০ শতাংশ, রিকশা ও বাইসাইকেলের হার ১ দশমিক ৭৩ শতাংশ এবং পরিচয় শনাক্ত করা যায়নি এমন যানবাহনের হার ছিল ৪ দশমিক ১৩ শতাংশ।

সময় অনুযায়ী দুর্ঘটনার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, দিনের অন্যান্য সময়ের তুলনায় ভোররাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার ২০ দশমিক ০৭ শতাংশ সংঘটিত হয়েছে এই সময়ে।

অতিরিক্ত গতি এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতাকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা কমাতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) পুনর্গঠন, প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো এবং মহাসড়কে সার্ভিস রোড নির্মাণসহ মোট ১২ দফা সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে