Logo
Logo
×

খবর ।  বিদেশ

হুতি হামলা ঠেকাতে সৌদিতে ফরাসি সেনা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬। ০১:৪১ পিএম

হুতি হামলা ঠেকাতে সৌদিতে ফরাসি সেনা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ইয়ানবুর নিরাপত্তা জোরদারে সেনা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার টিএফ১ ও ফ্রান্স ২ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান।

ম্যাক্রোঁ বলেন, সৌদি আরবের সঙ্গে চূড়ান্ত হওয়া সমঝোতার আওতায় ফ্রান্স সেখানে সেনা, রাডার ব্যবস্থা এবং প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে। তাঁর ভাষ্য, এর উদ্দেশ্য কোনো সংঘাতে জড়ানো নয়; বরং গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করা। তবে কতজন সেনা পাঠানো হবে কিংবা ঠিক কী ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

হুতিদের হামলার ঝুঁকি

লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন ও তেল অবকাঠামোর কেন্দ্র। সাম্প্রতিক সময়ে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে অঞ্চলটি।

বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই দিনে হুতিরা রিয়াদ ও ইয়ানবুর সৌদি আরামকোর স্থাপনায় হামলার দাবি করে। এসব দাবির সবকটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ১৯ সেপ্টেম্বরও হুতিরা ইয়ানবুর একটি আরামকো স্থাপনায় হামলার দাবি করেছিল। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, ইয়ানবুসহ কয়েকটি এলাকার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় ইয়ানবুর গুরুত্ব আরও বেড়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু পর্যন্ত তেল পরিবহনের অবকাঠামো দেশটির জন্য বিকল্প রপ্তানি পথ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক হামলার পর সৌদি আরবকে তেল রপ্তানির প্রবাহ পুনর্বিন্যাস করতে হয়েছে।

ফরাসি সেনা মোতায়েনের সিদ্ধান্তের আগে যুক্তরাজ্যও সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি ভয়েজার উড়োজাহাজ সৌদি প্রতিরক্ষা কার্যক্রমে আকাশে জ্বালানি সরবরাহে সহায়তা করবে।

ম্যাক্রোঁ একই সাক্ষাৎকারে ফ্রান্সের জ্বালানি সরবরাহ নিয়েও আশ্বস্ত করেন। তিনি জানান, আসন্ন সময়ের জন্য দেশটিতে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত রয়েছে এবং সরবরাহ অব্যাহত রাখতে সরকার কাজ করছে।

রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়েও সতর্কতা

সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন। ফ্রান্সের বিরুদ্ধে সম্ভাব্য রুশ ড্রোন হামলা নিয়ে একটি প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ফরাসি গোয়েন্দাদের এমন কোনো সতর্কবার্তা দেয়নি।

তবে ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ড্রোন ও সাইবার হামলা থেকে সুরক্ষায় ফ্রান্সে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

রাশিয়া অবশ্য ইউরোপীয় দেশগুলোর এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে