পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার সভাটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান।
সভায় পোশাকশিল্পের মালিকপক্ষ মজুরি হারের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেবে। একই সঙ্গে এ খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।
এর আগে ১৬ নভেম্বর সোমবার বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই দিন সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয় শ্রম ভবনে সভার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়।
১৬ নভেম্বরের নোটিশে বলা হয়েছিল, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য নির্ধারিত সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়।
নতুন নোটিশে বোর্ডের সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।