Logo
Logo
×

খবর ।  দেশ

শ্রমিক অসন্তোষে উত্তপ্ত শিল্পাঞ্চল, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬। ০৩:৪৬ পিএম

শ্রমিক অসন্তোষে উত্তপ্ত শিল্পাঞ্চল, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবির হিসাবে, মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার বা এপিসি এবং রায়ট কন্ট্রোল ভেহিকল বা আরসিভিও মোতায়েন রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখাই এই মোতায়েনের উদ্দেশ্য।

নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে। ড্রোনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে লাইভ মনিটরিং করা হচ্ছে।

দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

একই সঙ্গে মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে