প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬। ১১:৪২ এএম
আপডেট: ১৭ নভেম্বর ২০২৬। ১৬:২৩ পিএম
ন্যূনতম মজুরির দাবিতে কয়েকদিন বিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে খেজুর বাগান-নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামার চেষ্টা করেন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও শ্রমিকরা সড়ক না ছাড়লে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেন বলে ঘটনার বর্ণনায় জানা যায়।
রাহাত খান বলেন, এলাকার অন্য কারখানাগুলোতে কোনো সমস্যা নেই এবং সেখানে স্বাভাবিকভাবে কাজ চলছে। শুধু স্টারলিং গ্রুপের শ্রমিকরাই আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকার কথাও জানান তিনি।
অন্যদিকে একই দাবিতে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সকালে কারখানায় প্রবেশ করলেও পরে কাজ না করে বাইরে বেরিয়ে আসেন। তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এতে উত্তেজিত শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।
তিনি জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খেজুর বাগান-নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি।





