Logo
Logo
×

খবর ।  দেশ

তিন শিল্পাঞ্চলে উত্তেজনা, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬। ০১:০৮ পিএম

আপডেট: ১১ নভেম্বর ২০২৬। ১২:৩৯ পিএম

তিন শিল্পাঞ্চলে উত্তেজনা, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তারা দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছেন।

শুধু মাঠপর্যায়ে টহল নয়, শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালাচ্ছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মোতায়েন সদস্যদের কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি বিভিন্ন এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া ফুটেজ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। কয়েকটি এলাকায় পুলিশ ও বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। কোথাও কোথাও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে সড়কে নামার খবরও আসে।

এর মধ্যেই গত ৪ নভেম্বর তৈরি পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোর মজুরি শ্রমিকরা জানুয়ারি মাসে হাতে পাওয়ার কথা।

মজুরি বোর্ডের বৈঠকের পর শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও নিরাপত্তার অংশ হিসেবে বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। সেটি কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে। ওই সময় ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা। নতুন মজুরি নির্ধারণকে কেন্দ্র করে শ্রমিকদের দাবি, মালিকপক্ষের অবস্থান এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে