Logo
Logo
×

খবর ।  রাজনীতি

দেশে ফেরার ইঙ্গিত, নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬। ০১:৩৬ পিএম

দেশে ফেরার ইঙ্গিত, নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থানরত হাসিনার পক্ষে আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) পাঠানো চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর দেশটির বাংলাদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম জানা গেল।

শেখ হাসিনার আইনজীবীদের পাঠানো চিঠিটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে আইনজীবীরা জানতে পেরেছেন।

এ কারণে নতুন করে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার আবেদন করা হয়েছে।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন।

চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ অনুযায়ী বাংলাদেশের বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

তবে আবেদন জমা দেওয়ার পর নতুন পাসপোর্ট বা এনআইডি ইস্যুর বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা জানা যায়নি।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা

শেখ হাসিনা এর আগে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলেও জানিয়েছিলেন তিনি।

সোমবার তার সহযোগীরা জানান, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দুই বছরের বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন তিনি।

গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

আদালতের রায়ে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

তবে শেখ হাসিনা ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ ভারতে বা অন্য দেশে অবস্থান করছেন। অনেকে কারাগারেও রয়েছেন।

সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সম্পর্কে জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার।

তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তার দেশে ফেরা সেই পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।

তবে এসব সম্ভাবনার বাস্তব পরিণতি নির্ভর করবে তার ফেরার প্রক্রিয়া, আদালতের কার্যক্রম এবং দুই দেশের সরকারের অবস্থানের ওপর।

আপাতত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনই দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার সবচেয়ে স্পষ্ট আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে সামনে এসেছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে