প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ এএম
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরতে চান। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
একসময় যে শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল, এখন তার নিজের দেশে ফেরার উদ্যোগ ঘিরেই তৈরি হয়েছে নতুন আইনি ও রাজনৈতিক বিতর্ক। পাসপোর্ট বাতিল হলেও কি কোনো নাগরিককে দেশে ফিরতে বাধা দেওয়া যায়? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, সংবিধান ও আন্তর্জাতিক আইন এই প্রশ্নের জটিল এক প্রেক্ষাপট তুলে ধরছে।
২০০৭ সালের এপ্রিল। যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে আটকে যায় তার যাত্রা। ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। কারণ, তখনকার সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
প্রায় দুই দশক পর বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে সেই পুরোনো প্রশ্ন। তবে এবার পরিস্থিতি ভিন্ন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরতে চান। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন তার আইনি পরামর্শকরা।
কিন্তু বাংলাদেশ সরকার তাকে ফেরানোর প্রশ্নে পাসপোর্টের পরিবর্তে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে।
এতে সামনে এসেছে একটি মৌলিক প্রশ্ন; রাষ্ট্র কি তার কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল করে নিজের দেশে ফেরার পথ বন্ধ করে দিতে পারে?
প্রশ্নটি শুধু শেখ হাসিনাকে ঘিরে নয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমন একাধিক ঘটনা রয়েছে, যেখানে সরকার পরিবর্তনের সঙ্গে বদলে গেছে রাজনৈতিক নেতাদের দেশে ফেরার সুযোগ, পাসপোর্ট পাওয়ার পরিস্থিতি কিংবা বিদেশে অবস্থানের বাস্তবতা।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেশে ফেরার অভিজ্ঞতাও সেই ইতিহাসের অংশ।
দেশে ফেরার অধিকার বনাম রাষ্ট্রের ক্ষমতা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্টের আবেদন নিয়ে আলোচনার মধ্যেই সরকারের অবস্থান স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারের বক্তব্য, শেখ হাসিনাকে ফেরানোর জন্য নতুন পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ তাকে ভারত থেকে ফেরত আনতে চায় দুই দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিক। এখানে পাসপোর্টের বিষয়টি প্রাসঙ্গিক নয়।
তবে সরকারের এই অবস্থান একটি বৃহত্তর আইনি বিতর্ক তৈরি করেছে। কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হলেও নিজের দেশে ফেরার অধিকার তার কতটা অক্ষুণ্ণ থাকে?
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদের মতে, বাংলাদেশের সংবিধান, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এবং কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিধান বিবেচনায় কোনো সরকার তার নাগরিকের নিজ দেশে প্রত্যাবর্তনে বাধা সৃষ্টি করতে পারে না।
তার মূল্যায়ন, শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া বর্তমান পরিস্থিতি মূলত রাজনৈতিক। সে কারণেই সরকারের অবস্থানে আইনি প্রশ্নের চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকদের চলাফেরা, বসবাস, দেশত্যাগ এবং দেশে পুনঃপ্রবেশের অধিকার স্বীকৃত রয়েছে। তবে এই অধিকার জনস্বার্থে আইনের মাধ্যমে আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধের অধীন।
আন্তর্জাতিক আইনেও দেশে ফেরার অধিকার স্বীকৃত।
১৯৪৮ সালে জাতিসংঘে গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক ব্যক্তির নিজের দেশসহ যেকোনো দেশ ত্যাগ করার এবং নিজের দেশে ফিরে আসার অধিকার রয়েছে।
অন্যদিকে কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনে বিদেশে অবস্থানরত নাগরিকদের পাসপোর্ট দেওয়া, নবায়ন ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদানের দায়িত্বের কথা বলা হয়েছে।
বাংলাদেশ ১৯৭৮ সালে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করে। এই আন্তর্জাতিক কাঠামোর ভিত্তিতেই বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন পরিচালিত হয়ে আসছে।
তবে নাগরিকের দেশে ফেরার অধিকার ও পাসপোর্ট ইস্যু করার প্রশাসনিক ক্ষমতা এক বিষয় নয়। বাংলাদেশের আইন সরকারকে নির্দিষ্ট পরিস্থিতিতে পাসপোর্ট বাতিল করার সুযোগ দেয়।
শেখ হাসিনার বর্তমান পরিস্থিতিতে এই দুই বিষয়ের মধ্যকার পার্থক্যই বিতর্কের কেন্দ্রে রয়েছে।
২০০৭: শেখ হাসিনার নিজের দেশে ফেরার পথ যখন বন্ধ হয়েছিল
বাংলাদেশে রাজনৈতিক নেতাদের দেশে ফেরার ওপর বাধা আরোপের ইতিহাসে ২০০৭ সালের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৫ মার্চ এক মাসের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১৬ এপ্রিল তার বাংলাদেশে ফেরার কথা ছিল। পরে তিনি ২৩ এপ্রিল দেশে ফেরার ঘোষণা দেন।
এর মধ্যে তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা ও একটি হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে তিনি ১৪ এপ্রিল দেশে ফেরার উদ্যোগ নেন। পরে আবার ২৩ এপ্রিল ফেরার দিন নির্ধারণ করেন। কিন্তু ১৮ এপ্রিল তত্ত্বাবধায়ক সরকার একটি প্রেসনোটের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ২২ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন তিনি। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর ব্রিটিশ এয়ারওয়েজ তাকে পরবর্তী ফ্লাইটে ওঠার বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। ফলে লন্ডনেই অবস্থান করতে হয় শেখ হাসিনাকে।
ঘটনার কয়েক দিনের মধ্যে সরকারের অবস্থান বদলে যায়। ২৫ এপ্রিল আরেকটি প্রেসনোটের মাধ্যমে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। অবশেষে ৮ মে ঢাকায় ফেরেন তিনি।
সেই ঘটনার প্রায় দুই দশক পর শেখ হাসিনা আবার দেশের বাইরে। তবে এবার তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং দেশে ফেরার প্রশ্নে তার সামনে রয়েছে পাসপোর্ট বাতিল, আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণসংক্রান্ত জটিলতা।
সতেরো বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন
শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারেক রহমানের দেশে ফেরার ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পাসপোর্ট ও ভ্রমণপত্রের গুরুত্ব তুলে ধরে।
দীর্ঘ সতেরো বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দেশে ফেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল এককালীন ট্রাভেল পাস।
বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, তারেক রহমান ২০১২ সালে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছিল।
২০১৮ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০২৩ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় তাকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলা থেকে খালাস পান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পুরো মেয়াদে যুক্তরাজ্যে অবস্থান করলেও ওই সময়ে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেননি তিনি।
২০১৮ সালে তার পাসপোর্ট নিয়ে বিতর্ক তৈরি হলে বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বাংলাদেশে তারেক রহমান নিরাপদ নন। সে কারণেই তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
পরিস্থিতি বদলে যায় শেখ হাসিনা সরকারের পতনের পর। ২০২৫ সালের নভেম্বরে ঢাকার এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো বিধিনিষেধ নেই।
তিনি ব্যাখ্যা করেন, কারও পাসপোর্ট না থাকলে কিংবা মেয়াদ শেষ হয়ে গেলে দেশে ফেরার জন্য এককালীন ট্রাভেল পাস দেওয়া যায়।
তার বক্তব্য অনুযায়ী, এই ভ্রমণপত্র ইস্যু করতে সাধারণত এক দিন সময় লাগে। তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত জানালে দ্রুত সেই ব্যবস্থা করা সম্ভব।
পরবর্তী মাসেই দেশে ফেরেন তারেক রহমান।
২৫ ডিসেম্বর দেশে পৌঁছানোর দুই দিন পর, ২৭ ডিসেম্বর, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তিনি। সেখানে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন।
বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের পাসপোর্ট পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়।
তারেক রহমানের এই অভিজ্ঞতা দেখায়, পাসপোর্ট না থাকলেও বিকল্প ভ্রমণপত্রের মাধ্যমে একজন নাগরিকের দেশে ফেরার ব্যবস্থা করা সম্ভব।
সালাহউদ্দিন আহমদ: নিখোঁজ হওয়া থেকে নয় বছর পর দেশে ফেরা
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অভিজ্ঞতা আরও দীর্ঘ ও জটিল। ২০১৫ সালের ১০ মার্চ, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
৬৩ দিন পর, ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে স্থানীয় পুলিশ উদ্ধার করেছে বলে খবর প্রকাশিত হয়। অর্থাৎ ভারতে তার অবস্থানের খবর প্রকাশের আগে প্রায় দুই মাস বাংলাদেশে নিখোঁজ ছিলেন তিনি।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয়ের পুলিশ। পরে ভারতের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়।
এদিকে ভারতে অবস্থানকালে ২০১৬ সালের ১১ জুলাই তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। দেশের বাইরে থাকায় বাংলাদেশে এসে পাসপোর্ট নবায়ন করার সুযোগ পাননি তিনি। ২০১৮ সালে অনুপ্রবেশের মামলায় ভারতের নিম্ন আদালত তাকে খালাস দেন।
কিন্তু ভারত সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করায় দেশে ফিরতে পারেননি সালাহউদ্দিন। ভারতে কারাগারে থাকা অবস্থাতেই বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করে। পরে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালতেও খালাস পান তিনি। আদালত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। তখন তার সামনে নতুন সমস্যা হয়ে দাঁড়ায় পাসপোর্টের অনুপস্থিতি।
দেশে ফেরার জন্য ভারতের গৌহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে ট্রাভেল পারমিটের আবেদন করেন সালাহউদ্দিন। ২০২৩ সালে তাকে একটি ট্রাভেল পাস দেওয়া হলেও তখন তিনি দেশে ফেরেননি। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ আগস্ট গৌহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে আবার ট্রাভেল পাস পান তিনি। এর পাঁচ দিন পর, ১১ আগস্ট বিমানে ঢাকায় পৌঁছান সালাহউদ্দিন।
২০১৫ সালে নিখোঁজ হওয়ার পর থেকে বাংলাদেশে তার ফেরার মাঝখানে কেটে যায় নয় বছরের বেশি সময়।
তারেক রহমানের মতো সালাহউদ্দিন আহমদের ঘটনাতেও দেখা যায়, রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর পাসপোর্ট ছাড়াই এককালীন ভ্রমণপত্রের মাধ্যমে দেশে ফেরার পথ তৈরি হয়েছে।
এদিকে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আরও কয়েকজন নেতাকে পাসপোর্ট পাওয়ার জন্য আইনি লড়াই করতে হয়েছিল। তাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী। পাসপোর্টসংক্রান্ত জটিলতা নিরসনে তাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছিল।
এসব ঘটনা বাংলাদেশে পাসপোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক বাস্তবতার দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরে।
পাসপোর্ট বাতিলের ক্ষমতা কতটা
বাংলাদেশে পাসপোর্ট ইস্যু, নবায়ন ও বাতিলের আইনি ভিত্তি মূলত দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩। এই আইনি কাঠামোর অধীনে সরকার নির্দিষ্ট কিছু কারণে কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল করতে পারে। রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থের প্রশ্নে পাসপোর্ট বাতিলের বিধান রয়েছে।
এ ছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে কোনো পাসপোর্টধারী দুই বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে, আদালতের সংশ্লিষ্ট আদেশ বা নিষেধাজ্ঞা থাকলে, তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়া হলে কিংবা একজনের পাসপোর্ট অন্য কারও নিয়ন্ত্রণে থাকলেও তা বাতিলের সুযোগ রয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর এই ক্ষমতা প্রয়োগ করে অন্তর্বর্তী সরকার।
২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য এবং সরকারি পদে থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়া ব্যক্তিদের কর্মকাল বা নিয়োগ শেষ হওয়ায় সেই পাসপোর্টগুলো বাতিল করার সিদ্ধান্ত জানানো হয়।
তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তি আর সাধারণ পাসপোর্টের আবেদন করতে পারবেন না।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে, তারা চাইলে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।
দেশের বাইরে অবস্থানরত কোনো বাংলাদেশির পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের আবেদন করার নিয়ম রয়েছে।
শেখ হাসিনার আইনি পরামর্শকদের দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়টিও এই প্রেক্ষাপটে সামনে এসেছে।
ট্রাভেল পাস কী, আর কেন এটি গুরুত্বপূর্ণ
পাসপোর্টের বিকল্প হিসেবে দেশে ফেরার জন্য সীমিত পরিসরে যে নথি ব্যবহার করা হয়, সেটিই ট্রাভেল পাস বা সাময়িক ভ্রমণপত্র।
সাধারণত কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে বা বৈধ পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন তাকে দেশে ফেরার জন্য এই নথি দিতে পারে। এর ব্যবহার এককালীন।
অর্থাৎ ট্রাভেল পাস দিয়ে একবার বাংলাদেশে ফেরা সম্ভব। কিন্তু দেশে ফেরার পর আবার বিদেশে ভ্রমণ করতে হলে নতুন পাসপোর্ট নিতে হবে। আন্তর্জাতিকভাবে আরও এক ধরনের ভ্রমণপত্রের প্রচলন রয়েছে।
যেসব ব্যক্তি অন্য দেশে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে স্বীকৃতির আবেদন করেন, অনেক সময় সেই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশ তাদের চলাচলের সুবিধার্থে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে।
তবে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য দেওয়া এই নথি ও বাংলাদেশি মিশন থেকে দেশে ফেরার উদ্দেশ্যে ইস্যু করা এককালীন ট্রাভেল পাস এক বিষয় নয়।
তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের দেশে ফেরার ঘটনায় বাংলাদেশি মিশনের ইস্যু করা ট্রাভেল পাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শেখ হাসিনাকে ঘিরে বর্তমান বিতর্কে সেই একই ব্যবস্থার প্রসঙ্গ আবার সামনে এসেছে।
কিন্তু সরকার এখন পর্যন্ত তার দেশে ফেরার প্রশ্নে পাসপোর্ট বা ট্রাভেল পাসের পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।
প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরানোর আইনি পথ
কোনো নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরে আসা এবং বিদেশে অবস্থানরত অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা; এই দুই ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। দ্বিতীয় ব্যবস্থাটি পরিচালিত হয় প্রত্যর্পণসংক্রান্ত আইন ও দুই দেশের চুক্তির ভিত্তিতে।
বাংলাদেশে এ বিষয়ে রয়েছে বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪। এই আইনের কাঠামোয় বিদেশে অবস্থানরত পলাতক অপরাধী কিংবা অভিযোগের মুখোমুখি কোনো ব্যক্তিকে ফেরানোর জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকার বিধান রয়েছে।
কোনো ব্যক্তি প্রত্যর্পণযোগ্য অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হয়ে চুক্তিভুক্ত দেশে অবস্থান করলে, তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য সরকার আবেদন করতে পারে। বাংলাদেশের সঙ্গে বর্তমানে দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে;ভারত ও থাইল্যান্ড।
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালে। এই চুক্তির মাধ্যমে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত, পলাতক আসামি কিংবা কারাগারে থাকা ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তরের আইনি কাঠামো তৈরি হয়।
তবে চুক্তিতে কিছু ব্যতিক্রমও রয়েছে। একটি বিধান অনুযায়ী, যার প্রত্যর্পণ চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আলোচনায় এই বিধানও গুরুত্বপূর্ণ।
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল। কিন্তু প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও তাকে দেশে ফেরানো সম্ভব হয়নি।
বর্তমান সরকারও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফেরানোর অবস্থান জানাচ্ছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণের নজির রয়েছে।
আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে থাইল্যান্ড থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজলুল হুদাকে ফিরিয়ে আনার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
২০১৫ সালে ভারত তাদের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নেয়। একই বছর নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
এসব ঘটনায় প্রত্যর্পণ চুক্তি কার্যকর হলেও শেখ হাসিনার ক্ষেত্রে এখন পর্যন্ত একই প্রক্রিয়ায় অগ্রগতি আসেনি।
ইতিহাসের পুনরাবৃত্তি, কিন্তু ভিন্ন রাজনৈতিক বাস্তবতা
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে পাসপোর্ট শুধু বিদেশ ভ্রমণের নথি হয়ে থাকেনি। কখনো তা হয়ে উঠেছে দেশে ফেরার সুযোগ, রাজনৈতিক অবস্থান এবং রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
২০০৭ সালে শেখ হাসিনার দেশে ফেরার ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছিল তত্ত্বাবধায়ক সরকার। কয়েক দিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হয়েছিল।
পরবর্তী সময়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তার রাজনৈতিক প্রতিপক্ষের কেউ বিদেশে অবস্থান করেছেন বছরের পর বছর। কাউকে পাসপোর্টের জন্য আদালতে যেতে হয়েছে, আবার কাউকে দেশে ফিরতে অপেক্ষা করতে হয়েছে রাজনৈতিক পরিবর্তনের।
তারেক রহমান সতেরো বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন ট্রাভেল পাস নিয়ে। সালাহউদ্দিন আহমদের ক্ষেত্রেও দেশে ফেরার পথ খুলেছে নয় বছর পর, সরকার পরিবর্তনের পরপরই। এখন সেই শেখ হাসিনার নিজের পাসপোর্ট ও দেশে ফেরার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।
আইন এখানে কয়েকটি আলাদা বিষয় সামনে আনে। একদিকে সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোয় নাগরিকের নিজ দেশে ফেরার অধিকার স্বীকৃত। অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট আইন রাষ্ট্রকে নির্দিষ্ট পরিস্থিতিতে ভ্রমণ নথি বাতিলের ক্ষমতা দিয়েছে।
আর কোনো অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে অন্য রাষ্ট্র থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য রয়েছে পৃথক প্রত্যর্পণ ব্যবস্থা।
শেখ হাসিনার ক্ষেত্রে এই তিনটি বিষয় এখন এক জায়গায় এসে মিলেছে; নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার, পাসপোর্ট পাওয়ার আইনি প্রক্রিয়া এবং সরকারের প্রত্যর্পণের উদ্যোগ।
এখনো স্পষ্ট নয়, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন কীভাবে নিষ্পত্তি হবে কিংবা ভারত প্রত্যর্পণের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে। তবে এই বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি পুরোনো বাস্তবতাকে আবার সামনে এনেছে।
ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের যে সিদ্ধান্ত অন্য রাজনৈতিক নেতার দেশে ফেরার পথ কঠিন করে তুলতে পারে, ক্ষমতা হারানোর পর সেই একই রাষ্ট্রীয় ও আইনি কাঠামোর মুখোমুখি হতে পারেন সাবেক ক্ষমতাসীনও।
শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরা কোন পথে সম্ভব হবে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিন্তু তার ঘটনাকে ঘিরে যে বৃহত্তর প্রশ্নটি সামনে এসেছে, তা কোনো একজন রাজনীতিকের মধ্যে সীমাবদ্ধ নয়।
রাষ্ট্রের নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে একজন নাগরিকের নিজ দেশে ফেরার অধিকারের সীমা কোথায় নির্ধারিত হবে; বাংলাদেশের রাজনৈতিক ও আইনি ইতিহাসে সেই প্রশ্নের গুরুত্ব আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
তথ্যসূত্র: বিবিসি



-6af1780a78727.jpg)

