Logo
Logo
×
শেখ হাসিনার বাবার করা আইনেই তার আপিলের পথ বন্ধ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: জাগো নিউজ

খবর ।  আইন-আদালত

শেখ হাসিনার বাবার করা আইনেই তার আপিলের পথ বন্ধ: আইনমন্ত্রী

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬। ০৩:০০ পিএম

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬। ১৬:০৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, এখন দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ফিরতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী আপিলের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সময়ের মধ্যে আপিল না করলে পরে আর আপিলের সুযোগ থাকে না।

তিনি উল্লেখ করেন, আইনটি শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে প্রণীত এবং এর বিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

আইনটির ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। ধারা ২১(১) অনুযায়ী, ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়া ও সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন।

তবে ২১(৩) ধারায় বলা হয়েছে, দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়া, খালাস অথবা সাজার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর ওই ধারার অধীনে আর আপিল করা যাবে না।

১৯৭৩ সালে আইনটি প্রণীত হলেও ধারা ২১-এর বর্তমান ৩০ দিনের আপিলসীমার বিধান ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।

একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় আন্দোলনকারীদের হত্যার ঘটনায় দায়ী করা হয়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর আইনে নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বলেছিলেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এর আগে বলেছিলেন, নির্ধারিত সময়ের পর কোনো আপিল করা হলে বিলম্ব মার্জনার বিষয়টি আপিল বিভাগ বিবেচনা করবে কি না, সেটি আদালতের সিদ্ধান্তের বিষয়।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে