প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় একাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুর ও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও পাঁচটিতে রোববার সাধারণ ছুটি দেওয়া হয়েছে। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারণে বন্ধ রয়েছে ৫০টির বেশি কারখানা।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যদের মধ্যে ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার ও আট প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্য রয়েছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের একাধিক শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
এর ধারাবাহিকতায় রোববার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর প্রায় আধঘণ্টা পর শ্রমিকেরা সেখান থেকে সরে যান। একই সময়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ও জরুন এলাকায় বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়।
এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকার আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়।
তবে বিচ্ছিন্ন অস্থিরতা ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। জেলায় প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি ছাড়া অন্যগুলোয় নিয়মিত কার্যক্রম চলছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ধারাবাহিক শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা বন্ধ করেছে। পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো সময় এসব কারখানা আবার চালু করা সম্ভব।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সাভার-আশুলিয়ায় বন্ধ অর্ধশতাধিক কারখানা
এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে রোববার দুপুর পর্যন্ত ৫০টির বেশি কারখানা বন্ধ থাকার তথ্য জানিয়েছে শিল্প পুলিশ। তবে কয়েকটি কারখানায় কর্মবিরতি ছাড়া বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারা, লে-অফ এবং অন্যান্য কারণে অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছেন মালিকেরা। এর বাইরে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করছেন।
শিল্প পুলিশের হিসাবে, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে আরও পাঁচটি কারখানা বন্ধ রয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের বন্ধের আওতায় রয়েছে মোট ৫৫টি কারখানা।
এর বাইরে পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করলেও শুরুতে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কয়েকটি কারখানায় শ্রমিকেরা আবার উৎপাদন কার্যক্রম শুরু করেন।
সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় অধিকাংশ কারখানার শ্রমিকদের নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্প পুলিশের দাবি, সামগ্রিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং শিগগিরই পুরো শিল্পাঞ্চলে নিয়মিত উৎপাদন কার্যক্রম ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।


-6afd49cdb8742.jpg)


