প্রিন্ট: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬। ১২:২৪ পিএম
আপডেট: ১৯ অক্টোবর ২০২৬। ১২:৩৫ পিএম
রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন তিনি।
সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে নিজের ফেসবুক পেজে অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন তিনি।
একটি ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।
অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর এমন অভিযান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পরদিন রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, পুরো ঘটনা তদন্তের জন্য সংশ্লিষ্ট এলাকার উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।’
এদিকে রবিবার রাতে কয়েকটি সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। বিএনপির অনেক নেতাকর্মীকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব খবর শেয়ার করতে দেখা যায়। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়ার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এরপর নিজের ফেসবুক পোস্টে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন ইশরাক হোসেন।
তিনি লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম।’
ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে সমালোচকদের বিদেশ থেকে দেশে এসে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’
পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
নিজের অবস্থান তুলে ধরে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে।
এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার নাম আলোচনায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদ ছাড়েন।
গত ২৪ সেপ্টেম্বর ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২০০ ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে একাধিক স্থাপনা ভাঙচুর এবং চিকিৎসাসামগ্রী ও অন্যান্য সম্পদ লুটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ক্ষতির পরিমাণ ছিল এক কোটি টাকার বেশি।




