প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম
আজ লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। ছবি: পিএমও
দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেছেন, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িতদের স্পষ্ট জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও অগ্রগতি চায়। মানুষের জীবনমান পরিবর্তন করতে হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ গুম, খুন, অগ্নিসংযোগ ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ভবিষ্যতে কেউ যাতে মানুষের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচিত সরকার যখন নারী, শিশু, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও বেকার যুবকদের জীবনমান উন্নয়নে কাজ করছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি দাবি করেন, দলটি দীর্ঘ ১৬ বছর মানুষের ভোট ও মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো পরিস্থিতিতে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না।
বিগত সরকারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও কেন তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ, উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা হয়নি।
‘আবার অগ্নিসংযোগ শুরু হয়েছে’
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তারেক রহমান অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অগ্নিসংযোগ ও হামলার রাজনীতিতে ফিরে এসেছেন।
তিনি দাবি করেন, বিগত সরকার ক্ষমতায় থাকতে মানুষকে নির্যাতন ও গুম করেছে। ক্ষমতা ধরে রাখার চেষ্টায় ১ হাজার ৪০০ মানুষ এবং ৬০ শিশুকে হত্যার অভিযোগও তোলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অধিকারগুলো রক্ষা করতে হবে। গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দেশের শিল্প-কারখানা, কৃষি উৎপাদন, শিক্ষাব্যবস্থা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা
জনসভায় প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার।
মহেন্দ্রনগর মডেল খালের পুনঃখনন সম্পন্ন হলে কৃষকেরা সেচের সুবিধা পাবেন এবং স্থানীয় বাসিন্দাদের পানিসংকট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খালের কিছু অংশ তরুণদের বরাদ্দ দিয়ে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান।
ডিসেম্বর থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা
প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। আগামী ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তার ঘোষণা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সরকারি সহায়তা পাবেন। সন্তানদের শিক্ষা, পুষ্টি ও পরিবারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে এই অর্থ সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বছরে অন্তত একটি ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরকারি সহযোগিতা দেওয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া চলতি বছরে দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি, স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরের শুরুতে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুলের পোশাক সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ছেলে ও মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকারি উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
উত্তরাঞ্চলের শিল্পায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এতে রংপুর বিভাগে শিল্পকারখানা স্থাপন ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তারেক রহমান আরও দাবি করেন, গত কয়েক মাসে পাঁচ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কর্মসংস্থান তৈরি এবং বিদেশগামী কর্মীদের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
এ ছাড়া অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।
এক দিনের সফরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।






