Logo
Logo
×

খবর ।  অপরাধ

এআই দিয়ে ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছে টাকা আদায়

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬। ০৮:২২ পিএম

এআই দিয়ে ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছে টাকা আদায়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছেলের কণ্ঠ নকল করে বাবাকে ফোন দিয়ে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ১০০ টাকা ও একটি পাসপোর্ট।

শনিবার দুপুরে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন দরোবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

গ্রেপ্তার আসামিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) ও একই এলাকার হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে প্রতারকরা জানায়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় এআই প্রযুক্তির মাধ্যমে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠ নকল করে তার সঙ্গে কথা বলানো হয় এবং ছেলেকে ছাড়িয়ে আনতে টাকা দাবি করে প্রতারক চক্র।

ছেলেকে বাঁচাতে বাবা আমিনুল ইসলাম প্রতারকদের দেওয়া নির্দেশনা অনুযায়ী দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান। টাকা দেওয়ার পর ছেলের সঙ্গে সরাসরি কথা বলে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে বুঝতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় একটি প্রতারণার মামলা করেন।

পরে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমলে নিয়ে এসআরবি-১৩-এর একটি দল প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। মামলার দিন (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এসআরবি-১৩-এর সিপিসি-৩-এর একটি যৌথ দল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

এ ছাড়া গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে