Logo
Logo
×

খবর ।  দেশ

চার ঘণ্টা পর মিরপুর–১০ সচল, কালসিতে চলছিল শ্রমিকদের অবরোধ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬। ০৫:৩১ পিএম

চার ঘণ্টা পর মিরপুর–১০ সচল, কালসিতে চলছিল শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। প্রায় চার ঘণ্টা পর মিরপুর–১০ নম্বর গোলচত্বরে যান চলাচল স্বাভাবিক হলেও বিকেল পর্যন্ত মিরপুর সাড়ে ১১ ও কালসি সড়কে অবরোধ চলছিল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর থেকে শ্রমিকেরা সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিকেল ৩টার দিকেও মিরপুর সাড়ে ১১ ও কালসি সড়কে শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল।

ওসি জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে অবরোধের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহনের চালকেরা।

সদরঘাট থেকে মিরপুর–১২ রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের সহকারী হারুন মিয়া জানান, যানজটের কারণে মিরপুরের প্রধান সড়ক এড়িয়ে ফলপট্টি দিয়ে ঘুরে আসতে হয়েছে তাদের।

তার ভাষায়, সড়ক অবরোধের কারণে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে।

১৮ বছর চাকরি করেও সংসার চালাতে হিমশিম

মিরপুর সাড়ে ১১ এলাকায় আন্দোলনে অংশ নেওয়া পোশাকশ্রমিক মহসিনা বেগমের বয়স ৪৫ বছর। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি পোশাক কারখানায় কাজ করছেন।

তার অভিযোগ, এত বছর কাজ করেও যে বেতন পান, তা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

মহসিনা বলেন, ‘সকাল সাড়ে ৭টায় বের হই বাসা থেকে, আসি রাত ৮টার পর। ওভারটাইমসহ মাসে বেতন পাই ১৮-২০ হাজার টাকার মতো। এর মধ্যে ৮ হাজার টাকা চলে যায় বাড়িভাড়াতেই। বাকি ১০-১২ হাজার টাকায় তো কখনোই মাস চলে না।’

তার মতে, দীর্ঘদিন ধরেই শ্রমিকদের বেতন কম। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে টাকার ক্রয়ক্ষমতা যেভাবে কমেছে, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি তিনি।

মহসিনা বলেন, ‘হয় জিনিসপত্রের দাম কমাতে হবে, অথবা আমাদের বেতন বাড়াতে হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোশাকশ্রমিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধে অংশ নেন।

দুপুরে কারখানার মালিকপক্ষ শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানায়।

ওই শ্রমিকের ভাষ্য অনুযায়ী, মালিকপক্ষ জানিয়েছে, বেতন নিয়ে বিদেশি ক্রেতা, পোশাকশিল্প সংশ্লিষ্ট সংগঠন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

তবে শুধু আশ্বাসে আন্দোলন বন্ধ করতে রাজি নন শ্রমিকেরা।

ওই শ্রমিক বলেন, ‘কিন্তু আমরা মুখের কথায় কী হবে? এর আগেও এরকম বলেছে। বেতন বাড়ার ঘোষণা আসার আগ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগ জানিয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর–১০, মিরপুর–১১, মিরপুর–১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা।

মিরপুরে আন্দোলন শুরুর আগে রাজধানীর উত্তরায়ও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা কয়েক দিন সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। ওই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে