Logo
Logo
×

খবর ।  দেশ

মিরপুরে শ্রমিকদের দুই দফা ছত্রভঙ্গ, গ্রেপ্তার ২৯

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬। ০৩:৪৬ পিএম

আপডেট: ০৩ নভেম্বর ২০২৬। ১৩:১৩ পিএম

মিরপুরে শ্রমিকদের দুই দফা ছত্রভঙ্গ, গ্রেপ্তার ২৯

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নামার চেষ্টা করা পোশাকশ্রমিকদের দুই দফায় ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এক জায়গায় ধাওয়া এবং অন্য জায়গায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। এদিকে গত দুই দিনের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পাঁচটি মামলায় সোমবার দুপুর পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর–১৪ এলাকায় শ্রমিকদের প্রথম দফায় ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়। পরে মিরপুর–২ এলাকায় শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার দুপুর পৌনে ১টার দিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ শ্রমিকরা দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করেছিল। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।’

সকাল ৯টার দিকে মিরপুর–১৪ নম্বর এলাকায় জড়ো হন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সেখান থেকে মিছিল নিয়ে মিরপুর–১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

এরপর সকাল ১১টার দিকে মিরপুর–৬ নম্বরের শিয়ালবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক মিরপুর–২ হয়ে মিরপুর–১০ নম্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন।

এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

দুপুর ১২টার দিকে শিয়ালবাড়ী এলাকার স্থানীয় দোকানি ও পথচারীরা জানান, শ্রমিকেরা শিয়ালবাড়ী মোড় থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

ঘটনাস্থলে মিরপুর–২ থেকে শিয়ালবাড়ী মোড় পর্যন্ত সড়কের স্টেডিয়াম গেটের সামনে পুলিশের একটি আধপোড়া লেগগার্ড পড়ে থাকতে দেখা যায়। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইটের কয়েকটি টুকরাও।

পাঁচ মামলায় গ্রেপ্তার ২৯ জন

শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় শনিবার ও রবিবার মিরপুর বিভাগের বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবারের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া, আরেকটি গাড়ি ভাঙচুর এবং একটি ট্রাফিক বক্স ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনাসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো করা হয়েছে।

মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার দুপুর পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

তিনি বলেন, ‘মামলা আরও হবে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ জন গ্রেপ্তার ছিল। আজ দুপুর পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এদিকে সোমবার মিরপুর–১০ নম্বর গোলচত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রিভেনশন-উত্তর) মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের সঙ্গে এমন কিছু ব্যক্তি যুক্ত থাকতে পারেন, যাদের উদ্দেশ্য সড়ক অবরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো।

তার ভাষায়, ‘যেই হোক, আমাদের কাছে যারা আইন অমান্য করছে, আইন লঙ্ঘন করছে, আইনশৃঙ্খলার অবনতি করতে চাচ্ছে বা করছে, তারা আমাদের দৃষ্টিতে অপরাধী।’

আইন অমান্য করে জনসাধারণের জানমাল কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করা ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, পুলিশের কাছে অপরাধীর কোনো বিশেষ পরিচয় নেই। আইন লঙ্ঘন ও সম্পদের ক্ষতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে গ্রেপ্তার ২৯ জনের মধ্যে কতজন পোশাকশ্রমিক এবং কতজন অন্য পেশার, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে সোমবার দুপুরে মিরপুর–১, মিরপুর–২ ও মিরপুর–১১ নম্বরের পোশাক কারখানাপ্রধান এলাকাগুলোতে শ্রমিকদের দৃশ্যমান কোনো বড় জমায়েত দেখা যায়নি।

তবে পূরবী এলাকার বিভিন্ন গলি ও সরু সড়কে শ্রমিকদের ছোট ছোট দলে অবস্থান করতে দেখা গেছে।

কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকদের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে