Logo
Logo
×

খবর ।  দেশ

ফতুল্লায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, সতর্ক পুলিশ-বিজিবি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬। ০২:১৩ পিএম

ফতুল্লায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, সতর্ক পুলিশ-বিজিবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিনের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। স্বাভাবিক রয়েছে সড়কে যান চলাচলও। তবে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সকালে ফতুল্লার কাঠেরপুল, রামারবাগ, শিবু মার্কেট ও নয়ামাটি এলাকা ঘুরে দেখা যায়, শ্রমিকেরা প্রতিদিনের মতো নিজ নিজ কারখানায় কাজে যোগ দিচ্ছেন। গত কয়েক দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর এসব এলাকায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠেরপুল, শিবু মার্কেট ও নয়ামাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবু মার্কেট থেকে বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরাও।

এদিকে ফতুল্লার পাশাপাশি নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চাষাঢ়াতেও সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চাষাঢ়ায় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), জলকামান, বিজিবির দুটি গাড়ি এবং শিল্প পুলিশের দুটি ভ্যান মোতায়েন রাখা হয়েছে।

সেখানে পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সড়কে অবস্থান করতে দেখা গেছে। চাষাঢ়া শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন একজন অতিরিক্ত ডিআইজি।

তিন দিনের সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা।

এর ধারাবাহিকতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর কর্মস্থল থেকে বেরিয়ে বিক্ষোভে অংশ নেন।

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিক অসন্তোষের মধ্যেই সরকার তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন এলাকায় আন্দোলন চলতে থাকে।

বুধবার (৪ নভেম্বর) মজুরি বোর্ডের প্রথম বৈঠকে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে একমত হন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। নতুন কাঠামো অনুযায়ী জানুয়ারি থেকে শ্রমিকদের বর্ধিত মজুরি হাতে পাওয়ার কথা রয়েছে।

এই ঘোষণার পর ফতুল্লায় শ্রমিক অসন্তোষ কমে আসে। বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকতে দেখা যায়।

বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এফ এম আবু সাঈদ বলেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিক ভাইয়েরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে কাজ করছেন।’

তবে আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি কিছু চক্রের উসকানি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পরও উসকানির কারণে বিক্ষোভ হচ্ছে বলে দাবি করেন এই শ্রমিক নেতা।

এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘কোনো শ্রমিক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।’

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে