প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ এএম
গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার এবং আট প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি: টিবিএস
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে টানা ষষ্ঠ দিনেও উত্তপ্ত দেশের প্রধান দুই শিল্পাঞ্চল সাভার ও গাজীপুর। মহাসড়ক অবরোধ, আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অস্থির হয়ে উঠেছে দুই এলাকার পরিস্থিতি।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ প্লাটুন যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। সাভারেও নামানো হয়েছে তিন প্লাটুন বিজিবি।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক এবং গাজীপুরের গাছা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এতে দুই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
সাভারে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আট কারখানায় ছুটি
সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মহাসড়কের একাধিক স্থানে বর্জ্য ফেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এর আগে সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে জড়ো হন আন্দোলনরত শ্রমিকেরা। সেখান থেকে একসঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুই দফায় কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তবে পরে তারা আশপাশের বিভিন্ন গলি ও সড়কে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন।
পরিস্থিতি সামাল দিতে সকাল ৮টা ৩৫ মিনিটে হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানাগুলো হলো দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেড, সামশ স্টাইলিং ওয়্যার লিমিটেড, রূপকথা অ্যাপারেলস লিমিটেড, পদ্মা ক্যান্স লিমিটেড, ব্যাবিলন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, অবনী নিট ওয়্যার লিমিটেড ও জিন্স ম্যানুফ্যাকচার লিমিটেড।
এ ছাড়া ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড ও পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
উদ্ভূত পরিস্থিতিতে সাভার শিল্পাঞ্চলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হেমায়েতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।
গাজীপুরে সংঘর্ষ, মাঠে ২৫ প্লাটুন যৌথ বাহিনী
সাভারের পাশাপাশি গাজীপুরেও শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন কয়েক হাজার শ্রমিক। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
গাজীপুর শিল্প পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাড়ে ৯টার দিকে গাছা এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক মহাসড়কে নেমে আসেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকায়ও শ্রমিকেরা জড়ো হয়েছিলেন। সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, জেলায় ১২ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার এবং আট প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার সকাল ছয়টা থেকে তারা দায়িত্ব পালন করছেন।
এর আগের দিন মঙ্গলবার দায়িত্বে ছিলেন ১২ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার বিজিবির পাশাপাশি আরও আট প্লাটুন এসআরবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা মাঠে রয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ কিংবা মানুষের জানমালের ক্ষতি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
সংঘর্ষে প্রাণহানি, চার মামলায় গ্রেপ্তার ৩৬
গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকদের একাংশ আন্দোলন করছেন। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আন্দোলনের মধ্যে কয়েক দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বিভিন্ন ঘটনায় পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এসব সংঘর্ষে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এর মধ্যে গাজীপুরের বাংলাবাজার এলাকায় বিক্ষোভের ভিডিও মুঠোফোনে ধারণ করার সময় দুর্বৃত্তদের মারধরে তৌফিক নামের এক শ্রমিক আহত হন বলে অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে শিল্পাঞ্চলের অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।






