Logo
Logo
×

খবর ।  দেশ

গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিক বিক্ষোভ, সরাল পুলিশ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬। ১২:২৫ পিএম

গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিক বিক্ষোভ, সরাল পুলিশ

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। নাওজোড় মোড়ে মহাসড়কে টায়ার ও বর্জ্য জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় এবং সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় মোড়ে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় মোড়ে দিগন্ত সোয়েটার কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় তারা পরিত্যক্ত গাড়ির টায়ার ও আশপাশের বর্জ্য সড়কে এনে আগুন ধরিয়ে দেন।

এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে কয়েকজন শ্রমিককে মহাসড়কের ওপর ক্রিকেট খেলতেও দেখা যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা তথ্য সংগ্রহ এবং ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে আন্দোলনরত শ্রমিকেরা বাধা দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

নাওজোড়ের পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, ‘গাজীপুরে সড়ক অবরোধের ঘটনা নেই। তবে শ্রমিকেরা মহানগরের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।’

যদিও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নাওজোড় মোড়ে শ্রমিকদের অবস্থান ও অগ্নিসংযোগের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ সুপার আরও জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে