প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬। ০১:০৭ পিএম
আপডেট: ১৭ নভেম্বর ২০২৬। ১১:২১ এএম
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরের সভাকক্ষে বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল।
সকালে এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানান মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ। নোটিশে অনিবার্য কারণের কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। সভার পরবর্তী তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে মালিকপক্ষ সেদিন কোনো প্রস্তাব দিতে পারেনি। এ কারণে তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবার নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এর আগে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে আলোচনা হয়। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন। সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি পাওয়ার কথা শ্রমিকদের।
চলমান শ্রমিক আন্দোলন এবং তিন বছর পর মজুরি কাঠামো পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তায় গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এবিএম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বর্তমানে পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে এ খাতের নতুন মজুরি কাঠামো কার্যকর করা হয়।
গাজীপুরে ২২ কারখানা বন্ধ, অব্যাহত শ্রমিক অসন্তোষ
মজুরি বোর্ডের সভা স্থগিতের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। সোমবার পর্যন্ত জেলার ২২টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। সোমবার সকালেও পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে ২২টি কারখানা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক মনে করলে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা পুনরায় চালু করতে পারবে।
তিনি আরও জানান, আগের দিন ২২ থেকে ২৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছিল। সেসব কারখানা সোমবার আবার উৎপাদনে ফিরেছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি, ছয় প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সাতটি টহল গাড়ি মোতায়েন রয়েছে।
৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানিয়েছেন, অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন।
তবে গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে মজুরি বোর্ডের সভা স্থগিত করা হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

-6afd4e48bfcdc.jpg)
-6afd49cdb8742.jpg)


