সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে ঘটনার তদন্ত শুরু হয় এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
এরপর মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। বিচারিক প্রক্রিয়ায় আদালত দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন এবং তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তদের কর্মকাণ্ডের গুরুতর প্রকৃতি এবং পবিত্র সময় ও স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে রায় চূড়ান্ত হয়। এরপর রাজকীয় আদেশ জারির মাধ্যমে দণ্ড কার্যকরের অনুমতি দেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে তাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ, ঘটনার পরিস্থিতি কিংবা সংশ্লিষ্ট মসজিদের পরিচয়ও বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় দেশটির সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ইসলামি শরিয়াহ অনুযায়ী বিচারিক সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়েও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘন কিংবা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সৌদি আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।